শিরোনাম

নেত্রকোণা, ১৮ মার্চ ২০২৬ (বাসস): জেলার খালিয়াজুরী উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় জাকি দাস (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার খালিয়াজুরী-নয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকি দাস সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বাজারকান্দি গ্রামের প্রয়াত নগেন্দ্র দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সুনামগঞ্জের শাল্লায় ফিরছিলেন জাকি দাস। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রসুলপুর ফেরিঘাট পার হয়ে খালিয়াজুরী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খালিয়াজুরী-নয়াপাড়া সড়কের একটি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে জাকি দাস মোটরসাইকেল থেকে ছিঁটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা জাকি দাসকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে।