শিরোনাম

লালমনিরহাট, ১৮ মার্চ ২০২৬ (বাসস): জেলার হাতিবান্ধা ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানকালে ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার দুপুর ২টায় বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঝাউরানী ও মোগলহাট বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। বুধবার ভোররাত ৩টায় হাতিবান্ধা উপজেলার বরদুল এলাকায় ঝাউরানী বিওপির অধীনে এবং মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদিতমারী উপজেলার চরফুলিমারী এলাকায় মোগলহাট বিওপির অধীনে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে টহলদল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাফ সিরাপ ১১০ বোতল, ফেয়ারডিল সিরাপ ৩৬ বোতল, চিনি ৪৩ কেজিসহ বিভিন্ন প্রকার পণ্য জব্দ করা হয়। অন্যান্য জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মিনি সাবান, আচার, ক্যান্ডি, খৈনী জর্দ্দা ও সনপাপড়ি। জব্দকৃত পণ্যের মোট সরকারি সিজার মূল্য ৬৯ হাজার ৩৩২ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।