বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৮:৫৯
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৯:০৯

খুলনায় নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে পুলিশের বিশেষ উদ্যোগ 

ছবি : বাসস

খুলনা, ১৮ মার্চ ২০২৬ (বাসস): আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, স্বস্তিদায়ক ও নিরাপদ করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। 

ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন কেন্দ্রগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে, যাতে অতিরিক্ত যানবাহনের চাপ সত্ত্বেও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।

এ কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার বিকাল ৩টায় খুলনার গুরুত্বপূর্ণ যানবাহন কেন্দ্র সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার সার্বিক ট্রাফিক পরিস্থিতি, যাত্রীসেবা, টিকিট ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া আদায় এবং শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন। তিনি ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।