বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৭:৩৯

কুয়েটে ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭টায় 

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত ঈদের দিন সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আজ বুধবার কুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ঈদের এই জামাতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, কুয়েট পরিবারের সদস্যবৃন্দ এবং আশপাশের এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কুয়েট পরিবারসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি আরও আশা প্রকাশ করেন যে, ঈদের শিক্ষা আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে উদ্বুদ্ধ করবে।