শিরোনাম

ঝিনাইদহ, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করায় খালিশপুর কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার খালিশপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ‘মহাসড়ক আইন, ২০২১’-এর সংশ্লিষ্ট ধারায় খালিশপুর কোল্ড স্টোরেজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, মহাসড়ক আইন ২০২১-এর ১৩ ধারার উপধারা ভঙ্গ করায় ১৪ ধারার ১১ উপধারা অনুযায়ী এ অর্থদণ্ড করা হয়েছে। সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের ফলে পরিবহন চলাচলে ঝুঁকি বাড়ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।