বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১২:৪০

ইউজিসি’র চেয়ারম্যান হিসেবে ড. মামুন আহমেদের যোগদান

প্রফেসর ড. মামুন আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ইউজিসির বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী গত ১৬ মার্চ প্রফেসর ড. মামুন আহমেদকে চার বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গত ১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। তার যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগপত্র অনুযায়ী তিনি প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে দায়িত্ব নেন।

ড. মামুন আহমেদ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালের ২৮ মার্চ প্রভাষক হিসেবে ঢাবিতে যোগদানের মাধ্যমে তার শিক্ষকতা জীবন শুরু হয়। পরে তিনি ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জাপানের নিহন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাইরোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গে ট্রান্সলেশনাল ও ক্লিনিক্যাল ভাইরোলজিতে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পিটসবার্গের থমাস ই. স্টারজল ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অব নেব্রাস্কা, লিংকনে রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. মামুন আহমেদ স্নাতক পর্যায়ে সাধারণ জীব-রসায়ন, বিশেষ করে ভাইরোলজি এবং স্নাতকোত্তর পর্যায়ে মলিকুলার ডায়াগনস্টিকস পাঠদান করে আসছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে প্রায় ৫৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র ট্রান্সলেশনাল মলিকুলার ভাইরোলজি ও ভাইরাল মলিকুলার ডায়াগনস্টিকস। এ ক্ষেত্রে তিনি আধুনিক রোগনির্ণয় পদ্ধতির উদ্ভাবন ও ক্লিনিক্যাল প্রয়োগে বিশেষ অবদান রেখে চলেছেন।

দুই দশকের বেশি ক্লিনিক্যাল অভিজ্ঞতা রয়েছে তার। নতুন ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন এবং সেগুলো গবেষণাগার থেকে বাস্তব প্রয়োগে রূপান্তরের ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন এবং তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।