শিরোনাম

ঢাকা, ১৭ মার্চ ২০২৬ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়েও ১০ শতাংশ কম ভাড়া নির্ধারণ করেছে সরকার।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, নৌপথে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে লঞ্চগুলোর ফিটনেস নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদে নৌপথে যাত্রীদের যাত্রা অন্যান্য সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হবে। পাশাপাশি, সদরঘাটের যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট চালু করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসব ঘাট স্থায়ী করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা উন্নত ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।