শিরোনাম

ঢাকা, ১৭ মার্চ ২০২৬ (বাসস) : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পুনরায় চালু করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী আজকের মধ্যেই আইসিইউ চালুর আশ্বাস দিয়েছিলেন।
সম্প্রতি দেশে হঠাৎ করে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হয়। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় অনেককে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
এ অবস্থায় গতকাল গুরুতর অসুস্থ এক শিশুর মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী মধ্যরাতে হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় কিছু সীমাবদ্ধতা থাকলেও সেবাদানে কোনো অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইআরপিপি প্রকল্পের অর্থায়নে স্থাপিত আইসিইউটি বন্ধ ছিল। এসময় দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক, অ্যানেস্থিটিস্ট ও অন্যান্য জনবল সংযুক্ত করে আইসিইউ চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) এবং একজন অ্যানেস্থিটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। আইসিইউ ইউনিটের বেড ও প্রয়োজনীয় যন্ত্রপাতিও প্রস্তুত করা হয়েছে। বর্তমানে পাঁচ বেডের আইসিইউ ইউনিটটি জরুরি রোগীদের সেবা দিতে প্রস্তুত রয়েছে।
একইসঙ্গে সংক্রামক ব্যাধি হাসপাতালটি মাত্র ১০০ শয্যার হওয়ায় এবং সেখানে হাম ছাড়াও জলাতঙ্ক, এইডস, টিটেনাসসহ বিভিন্ন সংক্রামক রোগের রোগী ভর্তি থাকে-এ বিষয়টি বিবেচনায় নিয়ে পার্শ¦বর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।