বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১৯:৪৬

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বকুল 

ছবি : বাসস

খুলনা, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল খনন উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

আজ মঙ্গলবার খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এ অঞ্চলে যত খাল আছে তা দখলমুক্ত হলে জলাবদ্ধতা দূর হবে।

হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ফ্যামিলি কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। খাল খননের মাধ্যমে আরও একটি কর্মসূচির যাত্রা শুরু হলো।

হুইপ বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। কারণ কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। এ সময় তিনি সংশ্লিষ্টদের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনাও দেন। 

তিনি বলেন, পিছনের কথা ভুলে গিয়ে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে মাদক সিন্ডিকেট গড়ে উঠছে। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সিন্ডিকেট বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স। আগামীতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের জন্য কাজ করতে প্রস্তুত আমরা। এটাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একমাত্র দায়িত্ব ও কর্তব্য।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল বাশার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

উল্লেখ্য, ১ দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ এই খাল খননে ব্যয় হবে ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।