বাসস
  ১৬ মার্চ ২০২৬, ২১:৪৬

খাল খননে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী 

সোমবার জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী ভাবকি খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী । ছবি : বাসস

জয়পুরহাট, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সারা দেশে নদী-নালা, খাল-বিল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই দেশব্যাপী এ কর্মসূচি শুরু করেছে বলে তিনি জানান।

আজ সোমবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী ভাবকি খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিজ হাতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু এই খাল খনন নয়, সারাদেশে নদী-নালা ও খাল খননের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। আমরা কাজের মধ্যে আছি, আমরা বসে নেই; দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

তিনি বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে এ এলাকার অনেক আলু খেত পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। আবার শুষ্ক মৌসুমে কৃষকদের সেচের পানির সংকট দেখা দেয়। মুরালী ভাবকি খাল খনন সম্পন্ন হলে বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন হবে এবং শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহার করে সেচ কার্যক্রম সহজ হবে। এতে কৃষকদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

প্রতিমন্ত্রী আরও জানান, খাল খননের পাশাপাশি খালের দুই পাড়ে ফলজ গাছ রোপণ করা হবে। এর ফলে পরিবেশ রক্ষা এবং এটা দেশের সম্পদ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করেছে। পাশাপাশি ইমাম, মোয়াজ্জেম, খতিব এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ের পুরোহিতদের সম্মানীভাতা প্রদান কার্যক্রমও শুরু হয়েছে। তিনি বলেন, অতীতে কোনো সরকার এ ধরনের উদ্যোগ নেয়নি। পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই কর্মসূচি পর্যায়ক্রমে সবার কাছে পৌঁছে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলায় হারাইল, ঘোলাগাড়া, রত্নাহার ও মুরালী ভাবকি— এই চারটি খাল মিলিয়ে মোট ১৫ হাজার ৩১০ মিটার খননের জন্য প্রায় ৩ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কালাই উপজেলার মুরালী ভাবকি খালের ২ হাজার ৮০০ মিটার খননের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৪ লাখ টাকা। পুরো প্রকল্পের কাজ পানি উন্নয়ন বোর্ড তদারকি করবে।