শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস): দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করেছে সরকার।
একই সাথে সভাপতি মনোনয়নের প্রক্রিয়া ও যোগ্যতা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে বলা হয়।
পরিপত্রে বলা হয়েছে, 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪' (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনীসহ) অনুযায়ী এই নতুন নিয়ম কার্যকর হবে।
এতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রবিধান ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
পরিপত্র অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক পাস বা সমমান। তবে কোনো বিশেষ ক্ষেত্রে যদি কারো শিক্ষা প্রসার ও উন্নয়নে অনন্য অবদান থাকে বা অন্য কোনো বিশেষ যোগ্যতা থাকে, তবে মন্ত্রণালয় সেই ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
এতে আরও বলা হয়, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানের প্রধান (অধ্যক্ষ বা প্রধান শিক্ষক) মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের মাধ্যমে ৩ জন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সম্বলিত প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
প্রস্তাবিত এই ৩ জন ব্যক্তির তালিকায় সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য থাকতে পারবেন। এই প্রস্তাবিত নামগুলো থেকে শিক্ষা বোর্ড একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে।
উল্লেখ্য, গত ১০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি অথবা অ্যাডহক কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।