শিরোনাম

পটুয়াখালী, ১৬ মার্চ, ২০২৬ (বাসস): প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর এমপি বলেছেন, জেলেরা যাতে নির্বিঘ্নে মাছ ধরতে পারে, সে জন্য ইজারা প্রথা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘জাল যার, জল তার- মাছ ধরতে আর ইজারা দিতে হবে না।’
আজ সোমবার জেলার গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় গলাচিপা খাল এবং এর শাখা খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নুরুল হক নূর বলেন, অনেক সময় জেলেদের মাছ ধরতে গিয়ে জলাভূমি ইজারা নিতে হয়। এখন থেকে এমন ব্যবস্থা করা হবে, যাতে জাল থাকা ব্যক্তিরাই মাছ ধরতে পারেন এবং এ ক্ষেত্রে কোনো ইজারা না থাকে।
তিনি আরও বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা বিতরণে কোনো ধরনের দলীয় বিবেচনা করা যাবে না। ঈদ উপলক্ষে ভিজিএফের চাল, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নূর বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চরাঞ্চলের জমি উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যাদের বৈধ দলিল রয়েছে, তারা যেন নিজেদের জমি ভোগ করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি এক বছরের জন্য লিজ দেওয়া জমিগুলো প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।