শিরোনাম

মাগুরা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : দেশব্যাপী সরকারের নদী-নালা ও খাল-জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী।
আজ (সোমবার) বেলা সাড়ে ১১টায় জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সরকার খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে।
পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে খালগুলো সচল থাকলে কৃষকরা ইরি-বোরো ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলে সহজে সেচ সুবিধা পাবেন এবং কৃষি উৎপাদন বাড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী নিতাই রায় চৌধুরী আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নের লক্ষ্যে একসময় দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার আবারও খাল খননের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খননের পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকার ব্যর্থ হওয়ার জন্য ক্ষমতায় আসেনি; জনগণকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। মন্ত্রী বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহল দখল, বাজার দখল ও অনলাইন জুয়ার মতো অপরাধ বন্ধে সরকার কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে।
এর মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬টি খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মহম্মদপুর উপজেলার নারায়ণপুর খালের ৯৫৫ মিটার অংশ খননের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।