শিরোনাম

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস): পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রডশীট জবাব সময়মতো প্রেরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখার সহকারী সচিব মো. সেলিম সিকদার স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ব্রডশীট জবাব প্রেরণের নির্দেশনা দিলেও দীর্ঘ সময় পরেও তা পাওয়া যায় না। এই দীর্ঘসূত্রতার কারণে অনেক শিক্ষক-কর্মচারী অবসরে যান বা মৃত্যুবরণ করেন। ফলে প্রতিবেদনে উল্লিখিত গুরুতর আর্থিক ও প্রশাসনিক আপত্তিসমূহ নিষ্পত্তি করা সম্ভব হয় না।
আদেশে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধানরা ব্রডশীট জবাব দিতে দেরি করাকে দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা হিসেবে গণ্য করা হবে। এমতাবস্থায় পেন্ডিং থাকা সকল ব্রডশীট জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে ‘এমপিও নীতিমালা-২০২৫’ এর ১৮.১ (খ) ধারা অনুযায়ী, সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত অথবা বাতিল করা হবে। ঈদে পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ইটিসি কার্যক্রম জোরদার
ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস): আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে পদ্মা বহুমুখী সেতু, যমুনা সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহনের দ্রুত ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার সেতু বিভাগের সম্মেলন কক্ষে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে টোল প্লাজাগুলোতে ইটিসি লেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। চালকরা যাতে কোনো ধরনের বিরতি ছাড়াই টোল পরিশোধ করে দ্রুত সেতু পার হতে পারেন, সে লক্ষ্যে ইটিসি লেনগুলো শতভাগ কার্যকর রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ইটিসি সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে বিআরটিএ সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি পরিবহন সমিতির নেতৃবৃন্দ ও মালিকদের প্রতিনিধিরাও এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সিদ্ধান্ত হয়, বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির সহযোগিতায় দ্রুত সব বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনে আরএফআইডি ট্যাগ স্থাপন ও নিবন্ধন কার্যক্রম জোরদার করা হবে। এজন্য বাসস্ট্যান্ডগুলোতে সমন্বিত সেবা বুথ স্থাপন করা হবে।
এ ছাড়া যাত্রীরা যাতে সহজে টোল অ্যাকাউন্ট রিচার্জ করতে পারেন, সে লক্ষ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক রিচার্জ সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেতু বিভাগের সচিব বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করা সরকারের অন্যতম অগ্রাধিকার। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টোল প্লাজায় দীর্ঘ যানজট কমিয়ে আনার লক্ষ্যেই ইটিসি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঈদে পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে যানজটমুক্ত ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), পরিবহন সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিকদের প্রতিনিধিরা এবং বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংশ্লিষ্ট সেতুগুলোর সাইট অফিসের কর্মকর্তারাও সভায় অংশ নিয়ে মাঠপর্যায়ের প্রস্তুতি তুলে ধরেন।