বাসস
  ১৫ মার্চ ২০২৬, ০০:১৫

উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

ঢাকা, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, টেকসই ও গতিশীল করতে কারিগরি পদগুলোতে দক্ষ ও যোগ্য প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইইবি সদর দপ্তর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি ঢাকা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানের মতো প্রতিযোগিতামূলক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে তাদের মেধা ও পরিশ্রমের অবদান অপরসীম।’

তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে, অনেক সময় কারিগরি পদে অকারিগরি জনবল নিয়োগ দেওয়া হয়। এর ফলে প্রকল্পের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং বাস্তবায়নের গতি মন্থর হয়ে পড়ে।’

মীর শাহে আলম বলেন, বর্তমানে সড়ক, সেতু, মেট্রোরেল ও নগর ব্যবস্থাপনাসহ প্রায় প্রতিটি খাতই প্রকৌশল নির্ভর। এসব ক্ষেত্রে প্রকৌশলীদের বিশেষজ্ঞ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডকে ফলপ্রসূ করতে হলে মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করতে হবে। যে ব্যক্তি যে বিষয়ে দক্ষ, তাকে সেই পদের দায়িত্ব দেওয়া হলে কাজের মান ও গতি দুই-ই বৃদ্ধি পাবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে কারিগরি পদে কারিগরি জনবল নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন।

তিনি প্রকৌশলীদের দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে অভিহিত করে তাদের পেশাগত মর্যাদা রক্ষায় সরকারের ইতিবাচক ভূমিকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আইইবি সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।