শিরোনাম

ঢাকা, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। এখন থেকে সকল মানুষ চিকিৎসা সেবা পাবেন তাদের প্রয়োজন অনুসারে, আর্থিক অবস্থা বিবেচনায় নয়।
তিনি বলেন, এমন স্বাস্থ্যসেবা গড়ে তোলা হবে যেন কোনো ব্যক্তি চিকিৎসা নিতে গিয়ে সর্বস্বান্ত না হতে হয়।
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে। দেশের প্রতিটি মানুষ তার প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাবেন, সামর্থ্য অনুযায়ী নয়।
প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূলভিত্তি ও স্তম্ভ হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলো মা ও শিশুদের স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
ডা. জুবাইদা বলেন, স্বাস্থ্যকর্মীদের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা হবে। মেডিকেল শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে। চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা-উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলকেই যথাসময়ে অফিসে আসতে হবে।
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলো দালাল মুক্ত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে চিকিৎসকসহ কর্মরত অনেকেই যথাসময়ে আসেন না বা অনুপস্থিত থাকেন। এই অবস্থার অবশ্যই পরিবর্তন ঘটাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সিনিয়র চিকিৎসকবৃন্দসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুস্থ শিশু, জুলাই গণঅভ্যুানে আহত জুলাই যোদ্ধা এবং বিগত ১৭ বছরে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।