বাসস
  ১৪ মার্চ ২০২৬, ২০:৫৪

ফেনীর ১২ শহীদের খুনিদের বিচার ও সংস্কার বাস্তবায়নে কাজ করার আহ্বান নাহিদ ইসলামের

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি

ফেনী, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : ফেনীর ১২ শহীদের খুনিদের বিচার ও সংস্কার বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে ফেনীর অগ্রণী ভূমিকা ছিল। এখানে ১২ জন ছাত্র জনতার প্রাণ ঝরেছে। ফেনীতে আমরা জুলাই পদযাত্রায় আসতে পারিনি। ইনশাল্লাহ ঈদের পর সাংগঠনিক সফরে আসব। আপনারা কাজ করে যান। আর স্থানীয় নির্বাচনের জন্য সবাই কাজ করুন।’

আজ শনিবার শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বেস্ট-ইন রেস্টুরেন্টে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং শহীদ পরিবার, আহত যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সম্মানে ফেনীতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

দলের জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জুবায়ের, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, এবি পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন ও খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক আজিজ উল্লাহ আহমদী।

এসময় আরও বক্তব্য দেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, যুবশক্তির জেলা শাখার আহ্বায়ক পারভেজ আহমেদ, ছাত্রশক্তির  জেলা শাখার আহ্বায়ক সোহরাব হোসেন শাকিল ও শহীদ পরিবারের পক্ষ থেকে হাসান মাহমুদ। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক সুজা উদ্দিন সজিব।