শিরোনাম

ঢাকা, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : আরো পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছেন- বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রোকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী ও কুমিল্লায় মোহাম্মদ ইউসুফ মোল্লা।
আজ শনিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার উপ-সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এরা হলেন- বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রোকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী ও কুমিল্লায় মোহাম্মদ ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে প্রার্থীদের নামের সাথে সাথে তাদের পিতা-মাতার নাম এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।