বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১৬:২৮

লালমনিরহাটকে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোকিত করতে চাই : ত্রাণমন্ত্রী দুলু

ছবি : বাসস

লালমনিরহাট, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে লালমনিরহাট জেলাকে আলোকিত করা হবে।

আজ শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলা পরিষদে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া ইশতেহারের ভিত্তিতেই সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। জনগণ সেই ইশতেহারের প্রতি আস্থা রেখেই বিএনপিকে বিপুল সমর্থন দিয়েছে। ইশতেহারের আলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে।

তিনি জানান, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণসহ কৃষি ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

মন্ত্রী আরও বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধেও সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ ও যৌতুকের মতো অপরাধ দমনে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এ কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যদি সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে পারেন, তাহলে উপজেলা বা জেলা পর্যায়ে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে বা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।