বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৪:৩২

এপ্রিলের শুরুতে ঢাকা আসবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং আগামী ২ থেকে ৩ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তিনি ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভায় (ডিপ্লোম্যাটিক কনসালটেশন) চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এক সরকারি বিবৃতিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানান। 

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

এ সময় চীনা রাষ্ট্রদূত ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভার প্রস্তুতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। এই সভায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন সম্ভাবনাও এই আলোচনায় খতিয়ে দেখা হবে।

সফরকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং বাংলাদেশের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠিত হওয়ার পর আসন্ন এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনবে।