বাসস
  ১১ মার্চ ২০২৬, ২১:২২

জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের ধারাবাহিক প্রতিফলন এই জাতীয় সংসদ : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার নিশ্চিত করা ও গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ স্বীকারের ধারাবাহিক প্রতিফলন হচ্ছে আজকের এই জাতীয় সংসদ। 

তিনি বলেন, জাতীয় সংসদ শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। একই সঙ্গে এটি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীকাল থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চিফ হুইপ এ কথা বলেন। 

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এবিএম আশরাফ উদ্দিন (নিজান) এ সময় উপস্থিত ছিলেন।

চিফ হুইপ বলেন, আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ। 

এটি দেশের মানুষের অধিকার, আশা ও স্বপ্নের প্রতিনিধিত্বকারী একটি সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান।

একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ পরিচালনা করার বিষয়ে চীফ হুইপ বলেন, আমরা চাই সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিপূর্ণ তর্ক ও সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। 

গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের অকুণ্ঠ সমর্থন কামনা করি। বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতাও প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও ঐক্যমতের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহের সমাধান করা সম্ভব এবং সেই পথ ধরেই আমরা জাতিকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারব।’

ব্রিফিংয়ের শুরুতে চিফ হুইপ শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ ১৯৭১ সালের মহান শহীদদেরকে। 

তিনি ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে, নির্যাতনে ও আয়নাঘরে যে সব নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন। 

এ সময় চিফ হুইপ মো. নূরুল ইসলাম কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন জুলাই-২৪ এর শহীদদের এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। 

একই সঙ্গে আহত যোদ্ধাদের পূর্নাঙ্গ সুস্থতা কামনা করেন তিনি।

মো. নূরুল ইসলাম বলেন, ‘আমাদের অঙ্গীকার হচ্ছে-সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা, দারিদ্র্য দূর করা ও দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলা। 

তিনি আরও বলেণ, একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।

ব্রিফিং শেষে সাংবাদিকদের অধিবেশন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।