বাসস
  ১১ মার্চ ২০২৬, ২১:১৩

বিমান মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ সচিবালয়ে তার দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বিদ্যমান দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় ও নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে চীনের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন স্থান, বিশেষ করে কক্সবাজারের উন্নয়ন কার্যক্রমে চীনের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে যৌথভাবে কাজ করার ওপর আগ্রহ প্রকাশ করেন তারা।