বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৪:৫০
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৫:০৩

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে ইসি

বুধবার বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। ছবি: বাসস

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সভাপতিত্বে এ সভার কার্যক্রম শুরু হয়। সভা পরিচালনা করছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সভার শুরুতে ইসি সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা  বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদে বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই সভা আহ্বান করা হয়েছে।

এর আগে সভায় অংশগ্রহণের জন্য বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানদের কাছে চিঠি পাঠায় ইসি। সভায় আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের সময় মাঠপর্যায়ে বিভিন্ন বাহিনীর দায়িত্ব বণ্টনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।