বাসস
  ১০ মার্চ ২০২৬, ২১:২৯

হোটেল সোনারগাঁও পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে : আফরোজা খানম রিতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়নে প্যান প্যাসিফিক সোনারগাঁও দীর্ঘদিন ধরে সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত এক কর্পোরেট ইফতার মাহফিলে অংশগ্রহণ করে মন্ত্রী এ কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

আজ মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এ কর্পোরেট ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের সেবা প্রদান ও আতিথেয়তার মাধ্যমে এই প্রতিষ্ঠান দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে।

পবিত্র রমজান মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে এ ধরনের ইফতার মাহফিল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘পবিত্র রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও কর্মজীবনে ধারণ করা প্রয়োজন। এই মাসের সংযম, সহমর্মিতা ও মানবিকতার চেতনাকে ধারণ করে আমরা যেন দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি।’

ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বাংলাদেশ সিভিল অথরিটি-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।