শিরোনাম

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম, এমপি’র সঙ্গে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। দলের অন্য সদস্যরা হলেন- মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকটি সংসদ প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।