বাসস
  ০৯ মার্চ ২০২৬, ২২:০৩

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র এসেছে : ড. মঈন খান

আজ নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান । ছবি : বাসস

নরসিংদী, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান বলেছেন, বিগত ১৭ বছরে দেশে গণতন্ত্রকে কার্যত কবরে পাঠানো হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ৫ আগস্টে সংঘটিত ছাত্র-জনতার বিপ্লব শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও গণতন্ত্রকামী মানুষের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। 

নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ওই আন্দোলনের ফলেই দেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে। আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তারেক রহমানের নেতৃত্বে দলটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করে না, দলটি সবসময় জনগণের অধিকার ও কল্যাণের জন্য রাজনীতি করে।

জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল এবং জেলা জামায়াতের আমির মাওলানা মোছলেহ উদ্দিন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল আল ফারুক, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।