শিরোনাম

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে উন্নয়ন সহযোগী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন।
মন্ত্রী আজ সোমবার ইউএনডিপি’র বাংলাদেশস্থ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফান লিল্যার’র সঙ্গে বৈঠকে এ সহযোগিতার কথা বলেন।
বৈঠকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও ট্রেড নেগোসিয়েশন দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের দক্ষ ট্রেড নেগোসিয়েটর তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী হিসেবে ইউএনডিপি’র সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইউএনডিপি’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ বাংলাদেশের ট্রেড নেগোসিয়েশন সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালনার মাধ্যমে ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে ইউএনডিপি কাজ করতে প্রস্তুত।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আবদুর রহিম খান এবং ইউএনডিপি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।