বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৬:২৪

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

ছবি: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস): জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ‘ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আঙিনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

এছাড়া, এ সসয় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ, অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক এই মহড়া বাস্তবায়ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়ায় উঁচু মইয়ের গাড়ির সাহায্যে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ এবং আটকে পড়া লোকদের উদ্ধার কৌশল; রোপ স্লাইডিং, রোপ র‌্যাপলিং, রোপ ডিসেন্ডিং ও জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে পড়ার মাধ্যমে আত্মরক্ষার কৌশল; বিধ্বস্ত ভবনে সার্চ করার মাধ্যমে ভিকটিম লোকেট করা এবং প্রবেশ পথ তৈরি করে ভিকটিম উদ্ধার করা, প্রাথমিক সুশ্রূষা প্রদান, গুরুতর আহতদের হাসপাতালে পরিবহন ইত্যাদি প্রদর্শন করা হয়। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের তত্ত্বাবধানে মহড়া পরিচালনা করেন জোন কমান্ডার তানহারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন জোন কমান্ডার ফয়সালুর রহমান ও অন্যরা। বিপুল সংখ্যক ভলান্টিয়ারও এই মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ায় পর্যবেক্ষক ছিলেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) একেএম শামসুজ্জোহা। 

মহড়ায় প্রথমবারের মতো ফায়ার সার্ভিসের কমিউনিকেশন ভলান্টিয়ার ইউনিট ভ্রাম্যমাণ কমিউনিকেশন স্থাপন করে এবং পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন প্রান্তসহ নেপালের সাথেও যোগাযোগ স্থাপনে সক্ষম হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১ লাখ ভলান্টিয়ার তৈরির নির্দেশনা দিয়েছেন, আমরা তা বাস্তবায়নে কাজ করছি। 

দেশের অগ্নি-নিরাপত্তা বৃদ্ধিতে আমরা পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মহড়া অনুশীলনের ব্যবস্থা করব।

তিনি সুন্দর ও প্রাণবন্ত মহড়া দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মহড়ার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, দুর্যোগ-ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১০ মার্চ দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত এই দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন মহড়া কার্যক্রম ও গণসংযোগ বাস্তবায়ন করে থাকে। 

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’।