বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৬:২৩

ইউনেস্কো-রাশিয়া মেন্ডেলিভ পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : ইউনেস্কোর পক্ষ থেকে এর সদস্য রাষ্ট্রসমূহকে ‘ইউনেস্কো-রাশিয়া মেন্ডেলিভ ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য বেসিক সায়েন্সেস’ (৪র্থ সংস্করণ)-এর জন্য প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব করার আহ্বান করা হয়েছে।

এই আন্তর্জাতিক পুরস্কারের জন্য আগামী ১৫ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে।

আজ সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাস এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অবহিত করেছে।

এতে বলা হয়, মৌলিক বিজ্ঞানের ক্ষেত্রে উন্নয়ন, জ্ঞান প্রচার এবং আন্তর্জাতিক সহযোগিতায় অসামান্য অবদানের স্বীকৃতি দিতে এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়। রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞানসহ মৌলিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাগুলো এই পুরস্কারের আওতাভুক্ত।

মৌলিক বিজ্ঞানের প্রসারের মাধ্যমে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে উল্লেখযোগ্য রূপান্তরমূলক প্রভাব সৃষ্টিকারী দুইজন বিশিষ্ট বিজ্ঞানীকে প্রতিবছর এই সম্মাননা প্রদান করা হয়। প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, একটি স্বর্ণপদক এবং একটি সনদপত্র পাবেন। এই পুরস্কারের জন্য নারী বিজ্ঞানীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র ইংরেজি অথবা ফরাসি ভাষায় পূরণ করতে হবে। নিবন্ধন ফর্ম ও বিস্তারিত তথ্য ইউনেস্কোর নির্ধারিত ওয়েবসাইটে (https://unesco.org/en/articles/call-nominations-4th-edition-unesco-russia-mendeleev-international-prize-basic-sciences)  পাওয়া যাবে।