বাসস
  ০৮ মার্চ ২০২৬, ২১:৫২

ইআবি অনার্স পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৮২.৯৮ শতাংশ

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৯৮ শতাংশ।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম উপাচার্যের কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শক দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি বর্ষে মোট ১২ হাজার ৩৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ২৭২ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ৩৩০ জন। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বর্ষভিত্তিক পাসের চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষে ৩ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২২০ জন (পাসের হার ৮১.৪২ শতাংশ)। দ্বিতীয় বর্ষে ৩ হাজার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬৫১ জন (পাসের হার ৮৫.০২ শতাংশ। তৃতীয় বর্ষে ৩ হাজার ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ২ হাজার ৫৩১ জন (পাসের হার ৮২.৯৩ শতাংশ) এবং চতুর্থ বর্ষে ২ হাজার ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮৭০ জন (পাসের হার ৮২.৫৬ শতাংশ)।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী ব্যবস্থায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য। দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় তার মানসম্মত শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০২৫ সালের ৬-২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত লিখিত পরীক্ষা এবং চলতি বছরের ১১ জানুয়ারি মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িরধঁ.বফঁ.নফ)-এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।