বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৮:৪৪
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৯:৪৫

ইউনেস্কোর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ

রোববার শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ। ছবি : বাসস

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশের শিক্ষার সার্বিক মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আজ রোববার ঢাকায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাধ্যতামূলক একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা ও মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা করব।

তিনি বলেন, শুধু অর্থ ব্যয় নয়, বরং এর উপযোগিতা ও কার্যকারিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

মন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে পাঠ্যক্রম ও কারিকুলাম পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে প্রশাসনিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য দূর করার বিষয়েও আলোচনা হয়। এ সময় ইউনেস্কোর প্রতিনিধিরা এ বিষয়ে সহযোগিতা কামনা করলে মন্ত্রী তাদের সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে শিক্ষা সচিব আবদুল খালেকসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।