বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৮:০০

ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশনা প্রতিমন্ত্রী রাজিব আহসানের

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ফাইল ছবি

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের  প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারা দেশের জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিময় করতে সদয় নির্দেশনা প্রদান করেছেন।

প্রতিমন্ত্রী পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের ইদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা প্রদান করেন। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্য জানান। 

এছাড়া তিনি ঈদযাত্রায় সেতু পারাপারের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ থাকলে তা চিহ্নিত করে এর সমাধানের জন্য স্টেকহোল্ডার এবং বাস মালিকদের সাথে সভা করার নির্দেশনা প্রদান করেন। তিনি যাত্রীসাধারণকে ধৈর্য ধারণ করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

সভায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রয়েছে, যাতে করে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত সেতু পার হতে পারে। 

তিনি সেতু বিভাগের আওতাধীন সকল সেতু বা স্থাপনায় সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসমূহের ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিং এর জন্য টোল প্লাজা ও টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার জন্য পরামর্শ প্রদান করেন।

এছাড়াও দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাংতি টাকার সংস্থান রাখা এবং ঈদযাত্রায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ি সেতু বা স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেন।