বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৭:৩৯

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী 

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ রোববার সকালে হাসপাতালটিতে হঠাৎ পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরিদর্শন কালে তারা হাসপাতালে রোগীদের বিছানায় ছারপোকা, ডাক্তারদের সময়মত উপস্থিতি না হওয়া ও খাবারের মানসহ নানা অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন।

রোববার সকাল ৯টার দিকে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রায় ঘণ্টা দেড় এক ঘুরে দেখেন পুরো হাসপাতাল। তারা রোগীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
 
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে যথাযথ সেবা নিশ্চিতের অংশ হিসেবে কাজ করছে সরকার।  

আগামী কয়েক দিনের মধ্যে আবারও হাসপাতালটি পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, তখন কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বড় সমস্যা হলো দেশের সর্বোচ্চ মানসিক হাসপাতাল হওয়ার পরও লিডারশিপ সঙ্কট আছে এখানে। অব্যবস্থাপনা আছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য বলেছি। স্বাস্থ্য খাতে নানান চ্যালেঞ্জ থাকলেও কোনো ধরনের অব্যবস্থাপনায় ছাড় না দেওয়ার কথা জানান তিনি।