বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৯:৪১

অমর একুশে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন পার্বত্য মন্ত্রী

ছবি : বাসস

ঢাকা, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : অমর একুশে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
 
একজন গ্রন্থানুরাগী হিসেবে আজ বিকেলে তিনি রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।

বিকেল ৪টার দিকে মন্ত্রী মেলা প্রাঙ্গণে উপস্থিত হন। মেলা পরিদর্শনের সময় তিনি বিভিন্ন প্রকাশনীর স্টল ঘুরে দেখেন এবং সৃজনশীল ও গবেষণামূলক বইয়ের খোঁজখবর নেন।
 
এ সময় তিনি জিয়া পরিষদ কর্তৃক স্থাপিত কেন্দ্রীয় স্টল পরিদর্শন করেন এবং সেখান থেকে বেশ কিছু গবেষণামূলক বই সংগ্রহ করেন।

ব্যক্তিগতভাবে বই পড়তে ভালোবাসেন মন্ত্রী দীপেন দেওয়ান। মেলায় শুধু নিজের জন্যই বই কেনেননি, বরং উপস্থিত অন্যদের মাঝেও বই কিনে উপহার দিয়ে পাঠস্পৃহা জাগিয়ে তোলেন। বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা প্রমুখ।