শিরোনাম

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে লিবিয়া।
আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মুতালিব এস এম সোলাইমান এ সমর্থনের কথা জানান।
বৈঠকে লিবিয়ার রাষ্ট্রদূত আসন্ন ইউএনজিএ প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রার্থীর প্রতি তার দেশের আনুষ্ঠানিক সমর্থনের কথা তুলে ধরেন।
এ সময় হুমায়ুন কবির সমর্থনের জন্য লিবিয়া সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের সমর্থন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ-লিবিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা জোরদারের উপায় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ নিয়ে আলোচনা করেন।