শিরোনাম

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস): উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আজ উজবেকিস্তান পার্লামেন্টের লেজিসলেটিভ চেম্বারের স্পিকার ইসমোলিভ নুরিদ্দিনের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-উজবেকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, উজবেকিস্তান পার্লামেন্টের স্পিকারের সাথে আলাপকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠনের বিষয়ে তাকে অবহিত করেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকত মির্জায়েভ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জ্ঞাপনের কথা উল্লেখ করে তা দু’দেশের শীর্ষ নেতৃত্ব পর্যায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর ও সুদৃঢ় করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বর্তমান অবস্থা ও অগ্রগতির বর্ণনা দিয়ে এ সম্পর্ক আরো শক্তিশালী করতে রাষ্ট্রদূত সংসদ সদস্যদের মধ্যকার বোঝাপড়া ও আদান-প্রদানকে আরো সাবলীল ও ত্বরান্বিত করার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। তিনি স্পিকারকে দু’দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান।
স্পিকার ইসমোলিভ নুরিদ্দিন বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান এবং আগামীতে বাংলাদেশের স্পিকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ-উজবেকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপকে পুনঃউজ্জীবীতকরণে তিনি রাষ্ট্রদূতকে পরামর্শ প্রদান করেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট সংসদ সদস্যদেরকে উজবেকিস্তান ভ্রমণের জন্য আমন্ত্রণ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক বন্ধনের ওপর আলোকপাত করে তা আরো অর্থবহ ও ফলপ্রসূ করতে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যগণ আগামীতে কার্যকরী ভূমিকা রাখবেন বলে স্পিকার অভিমত প্রকাশ করেন।