শিরোনাম

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ ও হুইপবৃন্দকে অবহিতকরণে এক বিশেষ সভা আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি (বরগুনা-২) সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন- হুইপ—আলহাজ মো. জি কে গউছ, এমপি (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম, এমপি (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি (শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া, এমপি (দিনাজপুর-৪) এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি (লক্ষ্মীপুর-৪)।
এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা, প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন ও পাস, কমিটির কার্যক্রম, সংসদ সদস্যদের জন্য প্রশাসনিক ও কারিগরি সহায়তা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সংসদ সচিবালয়ের সার্বিক প্রশাসনিক কাঠামো সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংসদ সদস্যদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালি, গবেষণা সহায়তা, নথিপত্র ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চিফ হুইপ তার বক্তব্যে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও ফলপ্রসূভাবে পরিচালনায় হুইপদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে সংসদের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে। এ ক্ষেত্রে সংসদ সচিবালয়ের পেশাদারিত্ব ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত হুইপবৃন্দও সংসদ পরিচালনায় পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সময়ানুবর্তিতা রক্ষা এবং কার্যপ্রণালি বিধি অনুসরণের ওপর গুরুত্ব দেন। তারা সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ অগ্রাধিকার ভিত্তিতে আলোচনায় আনার বিষয়ে মতামত প্রদান করেন।