শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন, বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
‘ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে, তার সন্তানকে যদি ভোট না দেই তাহলে কী নিয়ে বাঁচবো!’ শীর্ষক একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
আজ মঙ্গলবার রাজধানী ঢাকার আরামবাগ এলাকায় সেই বৃদ্ধা রাহেলা খাতুনের বাসায় সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।
প্রতিনিধি দলে ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টা নরসিংদী-৫ আসনের (রায়পুরা) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন।
সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি বৃদ্ধা রাহেলা খাতুনের সার্বিক খোঁজ-খবর নেন এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাসহ বিভিন্ন উপহারসামগ্রী পৌঁছে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকারস অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে কোনো এক ব্যক্তি রাহেলা খাতুনের কাছে নির্বাচনে ভোট দানের বিষয়ে জানতে চাইলে তিনি ধানের শীষে ভোট দেওয়ার কথা বলেন।