শিরোনাম

চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা মিঠা ছড়া খালটির পুনঃখনন উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আজ শনিবার দুপুরে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়বিল এলাকায় অবস্থিত মিঠা ছড়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মিঠা ছড়া খাল একটি ঐতিহাসিক খাল। ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে খালটি খনন করে। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে খালটি নাব্যতা হারায়। ফলে বর্ষা মৌসুমে আশপাশের গ্রাম ও কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দেয়।
তিনি বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এটি পুনঃখনন করার। আমরা পর্যায়ক্রমে পুরো খালটি খনন করে পানি চলাচল স্বাভাবিক করব। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে পড়া খালটি পুনরুদ্ধার হলে জলাবদ্ধতা ও কৃষি সমস্যার সমাধান হবে।