শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করবো।
তিনি বলেন, সেখানে সকল ইস্যু নিয়ে আলাপ-আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি সমাধান দেবো।
তিনি আজ রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদে তর্ক-বিতর্ক হবে কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক থাকবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতি কোন স্ট্যাটিক বিষয় নয়, এটি গতিশীল। তাই রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশা, আকাঙ্খা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনী ইশতেহার পাল্টাতে হবে। শুধু নির্বাচনি ইশতেহার নয়, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য এবং ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে পরিবর্তনযোগ্য।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক মাঠে যেদিন এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসেবে শুরু হয়েছিল আমি আশাবাদী হয়েছি।
তিনি বলেন, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি মর্যাদাবান করবে; এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে; তারুণ্যের চাহিদাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি এই পথে অনেক দূর আসতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, রাজনীতিতে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে জোট হিসেবে অংশগ্রহণ করে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ছয়টি আসন পেয়েছে। এই ছয়টি আসন বৃদ্ধি পেতে পেতে হয়তো বা একসময় তারা রাষ্ট্রক্ষমতায় আরোহণ করবে।
মন্ত্রী আরো বলেন, রাজনীতির কন্ঠকাকীর্ণ মাঠে সবাই উত্থান-পতনকে মেনে নেয়। এই উত্থান-পতনকে যারা মানেনি, তারা রাজনীতিতে টিকে থাকেনি। রাজনীতিতে যারা মানুষের চাহিদাকে ধারণ করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এদেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে, সেরকম একটি রাজনৈতিক পরিবেশ বর্তমান ও আগামী প্রজন্ম চায়।
তিনি বলেন, যারা সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রত্যাশা ও আকাঙ্খাকে বাস্তবায়ন করে, সেই রকম রাজনীতি এনসিপি করবে।
তিনি আরো বলেন, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো দেখে আমরা উৎসাহিত হয়েছি, খুব মনোযোগ সহকারে পুরো ম্যানিফেস্টো আমি পড়েছি।
মন্ত্রী পরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।