শিরোনাম

রাজশাহী, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমিসংক্রান্ত দীর্ঘদিনের জনভোগান্তি, অনিয়ম এবং দালালের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। উন্নত বিশ্বের আদলে দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে সারা দেশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে।
আজ রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্যই হলো : স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবাপ্রার্থীদের দপ্তরে দপ্তরে ঘোরার বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়া। ওয়ান স্টপ সার্ভিস চালু হলে সেবাগ্রহীতাদের বিভিন্ন টেবিল বা অফিসে দৌড়াতে হবে না। এক জায়গা থেকেই আবেদন জমা এবং সেবা গ্রহণ করা যাবে।
তিনি বলেন, জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের পাশেই এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারগুলো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ খুব সহজে আইনি সহায়তা ও খতিয়ান-পর্চার কাজ সম্পন্ন করতে পারেন।
মন্ত্রী আরো বলেন, ভরাট হয়ে যাওয়া পুকুরগুলো পুনঃখনন করার উদ্যোগ নেওয়া হবে। ভূমিদস্যুদের কোনো ছাড় দেওয়া হবে না।