শিরোনাম

দিনাজপুর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের নদী, খাল ও জলাশয় পুনঃখননের কর্মসূচির অংশ হিসেবে সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কাহারোল উপজেলার এই খালটি খনন করা হলে প্রায় ৬ হাজার বিঘা জমি উন্নত ফসল উৎপাদনের আওতায় আসবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা দিয়েছিলেন, এই কার্যক্রম তারই বাস্তবায়ন। খাল খননের মাধ্যমে নতুন করে কত জমি চাষের আওতায় আনা সম্ভব, তা এ প্রকল্পে স্পষ্ট হয়ে উঠছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। সম্প্রতি একাধিক মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সমন্বিতভাবে কাজ করার জন্য একটি টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খনন করা খাল যাতে পুনরায় ভরাট না হয়, সেজন্য খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, সরকার সেই ধারাবাহিকতায় উদ্যোগ বাস্তবায়ন করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষিকাজে পানির চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।