বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০০

শিগগিরই পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : বাসস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : খুব শিগগিরই পুলিশে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগিরই আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।

তিনি বলেন, এছাড়াও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ দেওয়া হবে। এটা আমরা পরে জানাবো।

সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরীক্ষার মাধ্যমে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে।