বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫২
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কম্পিউটার দিল ইউএনডিপি

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কম্পিউটার দিল ইউএনডিপি। ছবি: বাসস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচন কমিশনকে (ইসি) ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে (ইটিআই) ‘ব্যালট ও ডিআরআইপি প্রকল্পে’র আওতায় ৩০টি ডেক্সটপ কম্পিউটার দিয়েছে ইউনাইটেড নেশন্স ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)। 

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও ইটিআই-এ ‘আইসিটি সরঞ্জাম হস্তান্তর: ডিজিটাল রূপান্তর এবং অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনের চালিকাশক্তি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইটিআই-এর ব্যালট এবং ডিআরআইপি প্রকল্প  যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনের বিভিন্ন পর্যায়ে ইউএনডিপি ইসিকে সহায়তা দিয়েছে। সেজন্য তিনি সংস্থাটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে ইটিআই মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বাসস’কে জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। 

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, জাতিসংঘ নির্বাচনী সহায়তা ডিআরআইপি এবং ব্যালট প্রকল্প প্রধান কারিগরি উপদেষ্টা আন্দ্রেস ক্যাস্টিলো।  

এতে সভাপতিত্ব করেন ইটিআই মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। পরে তিনি বাসস’কে বলেন, ইসিকে ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে ইটিআইকে ৩০টি ডেক্সটপ কম্পিউটার দিয়েছে ইউএনডিপি। আমরা সংস্থাটির কাছে আরো ৭০টি ল্যাপটপ ও ডেক্সটপ চেয়েছি। এছাড়া আমাদের সক্ষমতা বৃদ্ধি এবং ইনস্টিটিউটের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা চেয়েছি। দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রেও আমরা প্রয়োজনীয় সহায়তা চেয়েছি।