বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮

চট্টগ্রামে ট্রাকচাপায় শেরপুরের কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ভ্রমণে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বি (২৫) নামে শেরপুরের নালিতাবাড়ির এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মাইক্রোবাসের সামনের সিট থেকে পেছনের সিটে আসার সময় দ্রুতগতির ট্রাক রাব্বিকে চাপা দেয়।  

আজ বুধবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের আঁধার মানিক দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ রাব্বির বাড়ি শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলাম পট্টি মহল্লায়। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। এ ছাড়া তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, খোরশেদ রাব্বিসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। সকালের দিকে তারা সাতকানিয়ার আঁধার মানিক দরগাহ এলাকায় মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করান। এ সময় রাব্বি সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই রুহুল আমিন বলেন, ‘নিহত যুবককে চাপা দিয়ে অজ্ঞাত ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। এক পর্যায়ে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।’

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের  কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।