বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬

নরসিংদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নরসিংদী, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নরসিংদীর শীলমান্দীতে নিখোঁজ জোনায়েদ (৯) নামে এক শিশু ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল আটটার দিকে সদর উপজেলার বাগহাটা এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। পরিবারের খোঁজাখুঁজির পর আজ সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।