শিরোনাম

পঞ্চগড়, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলার দেবীগঞ্জ উপজেলায় আজ মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামের এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভাউলাগঞ্জ-টোকরাভাসা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী বয়াতিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম জানান, বুধবার দুপুরে নিজের প্রয়োজনীয় কেনাকাটার জন্য আব্দুল মালেক বাইসাইকেল যোগে ভাউলাগঞ্জ বাজারে আসছিলেন। পথিমধ্যে তিনি ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিঁটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর অবস্থায় আব্দুল মালেককে ভাউলাগঞ্জ বাজারে নিয়ে গেলে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।