বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৬

দিনাজপুরে মাদক কারবারি আটক 

ছবি : বাসস

দিনাজপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় আজ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযানকালে ২৫৯ বোতল নেশা জাতীয় এস্কাপ সিরাপ সহ মো. মোজাম্মেল হক (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

আজ বুধবার দুপুর দেড়টায় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর গ্রামে র‌্যাব এ অভিযান পরিচালনা করে। 

আটককৃত মো. মোজাম্মেল হক  দিনাজপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. নিয়ামউদ্দিনের পুত্র। 

বুধবার বিকালে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) বিপ্লব কুমার গোস্বামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার দুপুর দেড়টায় দিনাজপুর সদর উপজেলা সীমান্তবর্তী গোবিন্দপুর গ্রামে র‌্যাব সদস্যরা একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরের মধ্যে কৌশলের লুকিয়ে রাখা ২৫৯ বোতল নেশা জাতীয় ভারতীয় এস্কাপ মাদক সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই বাড়ির মালিক মো. নিয়ামউদ্দিনের পুত্র মাদক কারবারি মো. মোজাম্মেল হককে আটক করা হয়। আটক ব্যক্তিকে আজ বুধবার বিকাল ৪টায় সদর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. নুরুন নবী জানান, আটক ব্যক্তিকে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।