শিরোনাম

বাগেরহাট, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় বন্যপ্রনী
বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় চাদপাই রেঞ্জের অডিটোরিয়ামে কর্মকর্তা, কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বন্যপ্রাণী হ্যান্ডেলিং, উদ্ধার এবং প্রকৃতিতে অবমুক্তকরণ শীর্ষক প্রশিক্ষণে উপস্থিত প্রশিক্ষণার্থীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন পূর্ব সুন্দরবন বিভাগীয় কর্মকর্তা প্রধান অতিথি মো. রেজাউল করিম চৌধুরী।
এ সময় তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রশিক্ষণার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সুন্দরবনের বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, "বন্যপ্রাণী হ্যান্ডেলিং ও উদ্ধারকরণে যথাযথ প্রশিক্ষণ ও সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আপনাদের প্রশিক্ষণ শেষে যেন মাঠে সফলভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে আমরা সকলে মিলে কাজ করবো।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে।