শিরোনাম

শেরপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা রাবার বাগান, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকা থেকে ভারতীয় ব্যাথানাশক ট্যাপেনটাডোল ট্যাবলেট, শনপাপড়ি, মদ এবং মোবাইল জব্দ করা হয়।
এ সময় মো. লাল চাঁন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।
এই ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।